দুর্নীতিমুক্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় গড়ার অঙ্গীকার

নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে এবং এ ক্ষেত্রে কোনো ধরনের অবৈধ তদবির বরদাশত করা হবে না।

আজ বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে প্রথম কর্মদিবসে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী স্পষ্টভাবে জানান, দায়িত্ব পালনে স্বচ্ছতা বজায় রাখতে হবে। কেউ অপরাধে জড়িত থাকলে, সে যে বাহিনীরই হোক না কেন, দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর ভেতরে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

মব কালচার নিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সরকার দেশে মব কালচার পুরোপুরি বন্ধ করতে চায়। দাবি আদায়ের নামে বিশৃঙ্খলা বা আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। তবে যৌক্তিক দাবির ক্ষেত্রে শান্তিপূর্ণ মিছিল, সমাবেশ এবং স্মারকলিপি দেওয়ার অধিকার থাকবে। সরকার গণতান্ত্রিক ধারা বজায় রাখতে চায় বলেও তিনি উল্লেখ করেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে। পুলিশের যে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরুদ্ধার করা এখন বড় চ্যালেঞ্জ। এজন্য পেশাদারিত্ব ও জনবান্ধব আচরণের ওপর জোর দেওয়া হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন-এর সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *