জনগণের জানার অধিকার সুরক্ষায় স্বাধীন কমিশন গঠন হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের জানার অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নির্বাচনি ইশতেহারের ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে মত প্রকাশের স্বাধীনতা সুরক্ষায় একটি স্বাধীন কমিশন গঠন করা হবে বলেও তিনি জানান।

আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। একই অনুষ্ঠানে দপ্তরে যোগ দেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

মন্ত্রী বলেন, কার্যকর তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে সমাজে ভিন্নমত সঠিকভাবে প্রবাহিত করা এই মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। নির্বাচনের আগে দেশে ফিরে প্রধানমন্ত্রী জনগণের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছেন, তার বাস্তবায়ন ও অগ্রগতি সময়মতো জনগণের কাছে পৌঁছে দিতে হবে।

তিনি আরও বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে সত্য তথ্য প্রচারে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিকেই কাজে লাগাতে হবে। বিশেষ করে নিউমিডিয়ার শক্তি ব্যবহার করে তথ্য প্রচার আরও কার্যকর করতে হবে।

সভায় প্রতিমন্ত্রী দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব।

মতবিনিময় ও পরিচিতিমূলক এই সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অধীনস্থ দপ্তরগুলোর প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *