পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিম্নআয়ের মানুষের জন্য সুলভ মূল্যে প্রোটিনসমৃদ্ধ খাদ্য সরবরাহের উদ্যোগ নিয়েছে সরকার। দুধ, ডিম, মাংস ও মাছ—এই চার ধরনের খাদ্যপণ্য দেশের প্রায় ১০ লাখ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বৃহস্পতিবার (১৯শে ফেব্রুয়ারী) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-এর সম্মেলন কক্ষে রমজান মাসে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে জনগণের কল্যাণে কাজ করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার ধারাবাহিকতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ কার্যক্রমের ফলে বাজারে মূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে এবং সাধারণ ভোক্তারাও উপকৃত হবেন।
তিনি বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়িয়ে দেন। এতে নিম্নআয়ের মানুষের কষ্ট বাড়ে। সরকারের এই কর্মসূচি তাদের কষ্ট লাঘবে সহায়ক হবে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সততা, নিষ্ঠা ও সমন্বিত টিমওয়ার্কের বিকল্প নেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল-এর সভাপতি মশিউর রহমান এবং বাংলাদেশ ক্যাটল অ্যান্ড ফ্যাটেনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন। এছাড়া মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারি সূত্র জানায়, রমজানজুড়ে নির্ধারিত স্থানে নির্দিষ্ট দামে এসব পণ্য বিক্রি করা হবে। এর মাধ্যমে নিম্নআয়ের পরিবারগুলো সাশ্রয়ী দামে পুষ্টিকর খাদ্য পাবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।