দৌলতপুরের নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাস সাময়িক বরখাস্ত

ভ্যাট ও ট্যাক্স খাতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের মনিরামপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালনকালে ভ্যাট ও ট্যাক্স খাতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ওঠে কল্লোল বিশ্বাসের বিরুদ্ধে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নম্বর-১৮/২০২৫) দায়ের করা হয়।

পরবর্তীতে অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বিরত রাখা প্রয়োজন বলে কমিশন মনে করেছে।

বরখাস্তের আদেশে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী কল্লোল বিশ্বাস (পরিচিতি নম্বর-১০৯১৩০৩৮), উপজেলা নির্বাচন কর্মকর্তা, দৌলতপুর, কুষ্টিয়া (প্রাক্তন কর্মস্থল: মনিরামপুর, যশোর)-কে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা পাবেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে কল্লোল বিশ্বাস সাময়িক বরখাস্তের বিষয়টি স্বীকার করেন। তবে অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিন্দ্য গুহ্য বলেন, নির্বাচনের ভ্যাট ও ট্যাক্স খাতে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি তিনি শুনেছেন। তবে এ সংক্রান্ত কোনো লিখিত আদেশ এখনো তার দপ্তরে পৌঁছেনি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভ্যাট-ট্যাক্স সংক্রান্ত অর্থ আত্মসাতের অভিযোগে এর আগেও এক উপসচিব ও এক অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন।

ফরিদ আহমেদ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *