দৌলতপুরে বাজার মনিটরিং: মূল্যতালিকা প্রদর্শনে কঠোর নির্দেশ

কুষ্টিয়ার দৌলতপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দৌলতপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার দাস। এ সময় বাজারের বিভিন্ন মুদি, চাল-ডাল, সবজি ও মাংসের দোকান পরিদর্শন করা হয়।

অভিযানের সময় ব্যবসায়ীদের মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি, সঠিক ওজন পরিমাপ নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ বা বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।

মনিটরিং চলাকালে কয়েকটি দোকানে মূল্যতালিকা প্রদর্শনে অনিয়ম ধরা পড়ে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের তাৎক্ষণিকভাবে ত্রুটি সংশোধনের নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতে একই ধরনের অনিয়ম প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে পণ্য বিক্রির সুযোগ নেই। ভোক্তাদের অধিকার রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। জনস্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড সহ্য করা হবে না বলেও তিনি জানান।

অভিযানে স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ফরিদ আহমেদ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *