বাংলা ভাষা ও বাংলা সন-তারিখ জাতিসংঘের দাপ্তরিক কাজে অন্তর্ভুক্ত করার দাবিতে প্রতীকী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সর্বস্তরে বাংলা সন-তারিখ প্রচলনসহ সংগঠনের ১১ দফা প্রস্তাবনা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ (২০ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ) দুপুর ২টা ৪৫ মিনিটে ঐতিহাসিক আমতলা প্রাঙ্গণ থেকে এ পদযাত্রা শুরু হয়। স্থানটি রাষ্ট্রভাষা আন্দোলনের ১৪৪ ধারা ভঙ্গের স্মৃতিবিজড়িত এলাকা হিসেবে পরিচিত। এটি রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেইট সংলগ্ন।
পদযাত্রার আয়োজন করে ভাষা আন্দোলন স্মৃতিরক্ষা পরিষদ। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বাংলা ভাষা আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদা পাওয়ার যোগ্য। জাতিসংঘের দাপ্তরিক কাজে বাংলা ভাষা ব্যবহারের পাশাপাশি বাংলা সন-তারিখ সরকারি ও বেসরকারি সব ক্ষেত্রে চালু করার দাবি জানানো হয়। সংগঠনের ১১ দফা প্রস্তাবনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোমতাজ উদ্দিন আহাম্মদ। সঞ্চালনা করেন ডা. ম.আ.আ. মুক্তাদীর। আলোচনায় অংশ নেন সারওয়ার ওয়াদুদ চৌধুরী, অভিনেতা লুৎফুল আহসান বাবু, কবি গোলাম মোস্তফা তাপস, মীর শামসুল আলম বাবু, শেখ ফুয়াদ খান মজলিস, ডা. হাফিজুর রহমান কবির, অভিনেতা নুর হোসেন রানা, মুস্তাফিজ সুজন, কবি বিমল সাহা, মো. ফারুক হোসেন, আজিম আহমেদ, মুহাম্মদ হাসানুল বান্না, মাহমুদ খান বিজু, মির্জা মেহেদী হাসান, রিয়াদ হোসেন ও রিয়াদ মাহমুদ খান প্রমুখ।
বক্তারা বলেন, ভাষা আন্দোলনের চেতনা শুধু স্মরণে সীমাবদ্ধ থাকলে চলবে না। বাংলা ভাষা ও বাংলা সন-তারিখের ব্যবহার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা নতুন প্রজন্মকে ভাষার মর্যাদা রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
পদযাত্রা শেষে উপস্থিত সবাইকে ৮ ফাল্গুন, ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবসের প্রভাতফেরিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। আয়োজকেরা বলেন, ভাষা শহীদদের স্মরণ এবং বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।