নেপালের রাজধানী কাঠমান্ডতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটির আয়োজক ছিল ল্যাঙ্গুয়েজ কমিশন অব নেপাল। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত এইচ. ই. শফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেপালের শিল্প, বাণিজ্য ও সরবরাহ এবং সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী এইচ. ই. অনিল কুমার সিনহা। এছাড়া সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবও উপস্থিত ছিলেন। সরকারি ও কূটনৈতিক মহলের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
এ বছরের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য ছিল— “Youth voices on multilingual education” বা বহুভাষিক শিক্ষায় তরুণদের কণ্ঠ। আলোচনায় বক্তারা বলেন, ভাষাগত বৈচিত্র্য রক্ষা এবং মাতৃভাষাভিত্তিক শিক্ষা বিস্তারে তরুণ প্রজন্মের ভূমিকা গুরুত্বপূর্ণ। বহুভাষিক সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া গড়ে তুলতে শিক্ষার ভূমিকার ওপরও জোর দেওয়া হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর ২১ ফেব্রুয়ারি পালিত হয়। ১৯৫২ সালে বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই দিনটি বৈশ্বিক স্বীকৃতি পায়। ভাষার অধিকার ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার বার্তা তুলে ধরাই এ দিবসের মূল লক্ষ্য।
কাঠমান্ডুর এই আয়োজনেও একই বার্তা উঠে আসে—নিজের ভাষার মর্যাদা রক্ষা এবং একে অপরের ভাষা ও সংস্কৃতির প্রতি সম্মানই টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথ।