ঢাকায় ম্রো ভাষা প্রসঙ্গে দুই চলচ্চিত্র প্রদর্শনী 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকায় বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে Alliance Française de Dhaka। ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য উদ্‌যাপন করতে শনিবার, (২৮শে ফেব্রুয়ারি) বিকেল ৪টা থেকে ধানমন্ডির অডিটোরিয়াম নুভেল ভাগে এই আয়োজন অনুষ্ঠিত হবে ।

প্রদর্শনীতে দেখানো হবে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র— ‘ম্রো রুপকথা (Mro Fairytale)’ এবং ‘পরিণাম (The Consequence)’। দুটি ছবিই নির্মাণ করেছেন এ বি এম নাজমুল হুদা।

‘ম্রো রুপকথা’ একটি প্রামাণ্যচিত্র। এতে উঠে এসেছে বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে ম্রো ভাষায় প্রথম সাহিত্যগ্রন্থ প্রকাশের গল্প। ইয়াংঙান ম্রো রচিত সেই বই প্রকাশের পেছনের দীর্ঘ পথচলা, সংগ্রাম ও উদ্যোগ—সবকিছুই এই ছবিতে তুলে ধরা হয়েছে। ভাষা সংরক্ষণ ও লিপিবদ্ধ করার গুরুত্ব এখানে বিশেষভাবে আলোচিত।

‘পরিণাম’ ছবিটি একটি ম্রো লোককথা অবলম্বনে নির্মিত। এটি ম্রো ভাষায় নির্মিত প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র । গল্পে একই ব্যাঙ গোত্রের দুই রাজা একটি অজগর সাপকে ভিন্নভাবে মোকাবিলা করে। তাদের সিদ্ধান্ত ও কাজের ফলাফল ভিন্ন পরিণতি ডেকে আনে। এর মধ্য দিয়ে সমাজের প্রাচীন জ্ঞান ও কর্মফলের ধারণা তুলে ধরা হয়েছে।

আয়োজকদের মতে, এই দুই চলচ্চিত্র একসঙ্গে ম্রো জনগোষ্ঠীর ভাষাগত ঐতিহ্য, সাংস্কৃতিক পরিচয় ও সৃজনশীল প্রকাশের একটি বিরল চিত্র তুলে ধরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটে এই আয়োজন ভাষার বৈচিত্র্য রক্ষার গুরুত্বকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *