টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরি ও শ্রদ্ধাঞ্জলিতে ভাষা শহীদদের স্মরণ


জাকির হোসেন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে নানা আয়োজনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনা ও শ্রদ্ধাঞ্জলির কর্মসূচি পালিত হয়।

সন্ধ্যার ত্রিবেণীর উদ্যোগে মোমবাতি ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’ গান পরিবেশন করেন শিল্পী লিজু বাউলা এবং গীতশ্রী সঙ্গীত একাডেমি-এর পরিচালক শিল্পী রানী ঘোষ ও তাঁর শিক্ষার্থীরা।

রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। পরে পর্যায়ক্রমে পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা শিল্পকলা একাডেমি, প্রেস ক্লাব, টাঙ্গাইল, সাধারণ গ্রন্থাগার, করোনেশন ড্রামাটিক ক্লাব, টাঙ্গাইল ক্লাব, উদীচি জেলা সংসদ, সংকেত নাট্যদল, নাট্যস্রোত, পিসি সরকার সাংস্কৃতিক পরিষদ, গীতশ্রী সঙ্গীত একাডেমি, সাংস্কৃতিক কর্মী কল্যাণ সংস্থা এবং নাট্যমসহ বিভিন্ন শিক্ষা, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

২১ ফেব্রুয়ারি সকাল ৯টা ৪০ মিনিটে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুনরায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে মোনাজাতের মাধ্যমে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী-সাহিত্যিক এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের স্মরণে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি টাঙ্গাইলসহ সারা দেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। দিবসটি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকোর স্বীকৃত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও বিশ্বব্যাপী পালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *