মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুমিল্লায় শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১শে ফেব্রুয়ারী) সকাল ১০টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শিশুরা অংশ নেয়। তাদের ছবিতে উঠে আসে ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের স্মৃতি এবং বাংলা ভাষার প্রতি ভালোবাসা। আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে একুশের চেতনা পৌঁছে দিতেই এ উদ্যোগ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান। তারা শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের আঁকা ছবি পরিদর্শন করেন।
জেলা আইনজীবী সমিতির রিক্রিয়েশন সেক্রেটারি অ্যাডভোকেট মুহাম্মদ জহীরুল ইসলাম অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সবার মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার তুলে দেন সভাপতি ও সাধারণ সম্পাদক।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. নজরুল ইসলাম মানিক, সাবেক রিক্রিয়েশন সেক্রেটারি মোহাম্মদ বিল্লাল হোসেন ভূঁইয়া এবং সমিতির অন্যান্য সদস্যরা।
এর আগে সকালে কুমিল্লা টাউনহল মাঠে কেন্দ্রীয় শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা এক মিনিট নীরবতা পালন করেন।
আয়োজকদের মতে, ভাষা আন্দোলনের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।