সুশাসনের জন্য নির্বাচন অপরিহার্য: ধর্ম উপদেষ্টা

সুশাসন প্রতিষ্ঠায় নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেছেন, “সুশাসনের জন্য নির্বাচন অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার এগিয়ে যাচ্ছে। সরকার ঘোষিত তারিখে ফেয়ার, ফ্রি ও ইনভারসিয়াল নির্বাচন অনুষ্ঠিত হবে।”

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নব শালবন বৌদ্ধ বিহারে আয়োজিত ২৪তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার ও ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “সরকার লেভেল প্লেইং ফিল্ড তৈরির কাজও করে যাচ্ছে। এ নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করা হবে এবং আমরা পুরোনো ঠিকানায় ফিরে যাবো। এতে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় থাকবে। তবে নির্বাচন না হলে নানা ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মবীর শ্রীমৎ শীলভদ্র মহাথের। উদ্বোধনী বক্তব্য দেন ইঞ্জিনিয়ার রানা প্রসাদ বড়ুয়া এবং স্বাগত বক্তব্য দেন চিনি শিল্প কর্পোরেশনের ইলেকট্রিক্যাল জি.এম ও উদযাপন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার স্বপন চন্দ্র সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, বার্ড-এর সাবেক ভারপ্রাপ্ত মহাপরিচালক বিজয় বড়ুয়া, নব শালবন বৌদ্ধ বিহার প্রতিষ্ঠার অন্যতম রূপকার কর্ণেল সুমন বড়ুয়া, পিজি হাসপাতালের সাবেক বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডা. অসীম রঞ্জন বড়ুয়া, ঢাকা হলি ফ্যামিলি হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডা. দিপী বড়ুয়া, ট্রাস্টি রাজীব কান্তি বড়ুয়া ও সাবেক ট্রাস্টি জ্যোতিষ সিংহ খোকন।

অনুষ্ঠানে ধর্মদেশনা দেন শ্রীমৎ প্রজ্ঞাশ্রী মহাথের, শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি মহাথের ও শ্রীমৎ বিশুদ্ধানন্দ মহাথের।
শেষে বিশ্ব শান্তি কামনায় ফানুস উত্তোলন ও সমবেত প্রার্থনা করা হয়।

ধন্যবাদ জ্ঞাপন করেন উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী সুমির বড়ুয়া তপু। সমগ্র অনুষ্ঠান তত্ত্বাবধান করেন কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক বিআরডিবি কর্মকর্তা শ্যামল সিংহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *