লালমনিরহাটে চাঁদার দাবিতে ডিলার অফিসে হামলা

লালমনিরহাট-এ একটি ভোজ্যতেল ডিলার প্রতিষ্ঠানের অফিসে ঢুকে ম্যানেজারকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। আহত ম্যানেজার পাঁচজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

পুলিশ ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, মিরাজ ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে রূপচাঁদা তেল-এর ডিস্ট্রিবিউশন কার্যক্রম পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির ম্যানেজার মো. আসাদুজ্জামান তপু জানান, বুধবার (২৫শে ফেব্রুয়ারি) রাতে হিসাব মেলানোর সময় এক কর্মচারীর হিসাবে প্রায় ৬ হাজার টাকার গরমিল ধরা পড়ে। বিষয়টি নিয়ে তাকে সতর্ক করা হয় এবং সাময়িকভাবে কাজে না আসতে বলা হয়।

এর জের ধরে পরদিন, বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার সামনে অবস্থিত অফিসে কয়েকজন ব্যক্তি ঢুকে পড়েন বলে অভিযোগ। ম্যানেজারের দাবি, অভিযুক্তরা তার কলার ধরে বাইরে টেনে নিয়ে যায় এবং ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তাকে লাঠিসোটা দিয়ে মারধর করা হয়।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, হামলার সময় তার প্যান্টের পকেটে থাকা আগের দিনের বিক্রির ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল-এ ভর্তি করেন। হাসপাতালের রেজিস্ট্রেশন নম্বর ৮৩৯/০৬, তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২৬ বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় ইমরান পচাসহ মো. আলমগীর হোসেন, হিমেল, হিরো ও রিক্ত পাঁচজনের নাম উল্লেখ করে লালমনিরহাট সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযোগে চারজন প্রত্যক্ষদর্শীর কথাও উল্লেখ রয়েছে। বাদীর দাবি, পুরো ঘটনাটি অফিসের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় এখনো কোনো পক্ষের গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।

শাহ আনিস আরাফাত রাজিন

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *