লালমনিরহাটের পাটগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুজ্জামান পলাশ (৩৭) রংপুরের বদরগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি পাটগ্রাম ওয়ালটন প্লাজার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শোরুমের কাজের জন্য তিনি মোটরসাইকেলে করে উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় যাচ্ছিলেন। পথে বুড়িমারী–লালমনিরহাট মহাসড়কের জোংড়া ইউনিয়নের মোমিনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বুড়িমারীগামী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই তিনি মারা যান।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ নাজমুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এই সড়কে প্রায়ই ভারী যানবাহন চলাচল করে। স্থানীয়দের দাবি, মহাসড়কে গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি, না হলে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে।
শাহ আনিস আরাফাত রাজিন
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি