প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে ঢাকায় ওয়ান ফাউন্ডেশন ও মেডসিস সফট-এর যাত্রা শুরু

মানবকল্যাণ, সামাজিক উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার- ওয়ান ফাউন্ডেশন ও মেডসিস সফট লিমিটেড-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। জাঁকজমকপূর্ণ ও ভাবগম্ভীর আয়োজনে প্রতিষ্ঠান দুটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পানি সম্পদ ও ধর্ম বিষয়ক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন অগ্নিবীণার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম সিরাজ, ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মিজানুর রহমান ভূঁইয়া, তানজানিয়া সরকারের রাষ্ট্রদূত ড. ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আজিজুল্লাহ এম নুরুজ্জামানসহ বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ান ফাউন্ডেশন -এর চেয়ারম্যান মো. রুহুল আমিন। তিনি বলেন, মানবসেবামূলক কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ও টেকসই রূপ দিতে ফাউন্ডেশন কাজ করবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর উন্নয়নের মাধ্যমে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সার্বিক সহযোগিতার আহ্বানও জানান তিনি।

স্বাগত বক্তব্য দেন ইভেন্ট বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জান্নাতুল ফেরদৌসী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ওয়ান ফাউন্ডেশন -এর নির্বাহী পরিচালক ও মেডসিস সফট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান।

ওয়ান ফাউন্ডেশন জানায়, তাদের কার্যক্রমের মধ্যে থাকবে—অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি, জলবায়ু ও পরিবেশ সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা, যুব উন্নয়ন ও কর্মসংস্থান প্রস্তুতি, প্রাপ্তবয়স্ক সাক্ষরতা এবং গবেষণা কার্যক্রম।

মেডসিস সফট লিমিটেড একটি স্বাস্থ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক চিকিৎসা ব্যবস্থাপনা সফটওয়্যার ও সেবা প্রদান করবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে হাসপাতাল ও ক্লিনিক ব্যবস্থাপনা সহজ করা, রোগীর তথ্য সংরক্ষণ, অ্যাপয়েন্টমেন্ট ও ডায়াগনস্টিক সমন্বয় দ্রুততর করা এবং সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কার্যকর করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও কবিতা পরিবেশন করেন কবি শাহ ওয়ালিউল্লাহ ফরহাদ। হামদ, নাত ও সংগীত পরিবেশন করেন আব্দুল্লাহ লাবিব ও হুসাইন হুজাইফা।

দেশ, জাতি ও প্রতিষ্ঠানের সফলতা কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকেরা জানান, মানবকল্যাণ ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার সমন্বয়ে একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *