লালমনিরহাট জেলার বালাপুকুর এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (১লা মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বালাপুকুর বাজার সংলগ্ন একটি সুপারি বাগানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, লালমনিরহাট কার্যালয়। অভিযানে ১০ থেকে ১২ জনকে মাদক সেবনরত অবস্থায় দেখা যায়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— নুরুন্নবী ওরফে বাংলা (৩৪), পিতা: মৃত জয়নাল আবেদীন; মোহাম্মদ শাহিনুর ইসলাম (৩০), পিতা: আবু সাঈদ আলী; এবং মোহাম্মদ হামিদুল ইসলাম (২৮), পিতা: জামাল উদ্দিন। তারা সবাই বালাপুকুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
লালমনিরহাট কার্যালয়ের পরিদর্শক মো. আশরাফুল হক বলেন, আটকরা মাদক ট্যাবলেট সেবন করছিলেন। তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপর একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। স্থানীয়দেরও এ ধরনের অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
শাহ আনিস আরাফাত রাজিন
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি