স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশ পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, এমন ধরনের কাজ করা উচিত নয় যা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।
বুধবার (৪ঠা মার্চ) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোঃ আলী হোসেন ফকির। ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার বিপিএম-সেবা শুভেচ্ছা বক্তব্য রাখেন।
স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাকে যানজটমুক্ত ও আধুনিকায়ন করার ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন। পুলিশি পক্ষ থেকে উত্থাপিত সমস্যা মনোযোগ দিয়ে শোনা হয় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করা হয়।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করছে এবং বর্তমান সমস্যা স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় শীঘ্রই সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, যুগ্ম কমিশনার, উপ-পুলিশ কমিশনার, সহকারী কমিশনার, অফিসার ইনচার্জ এবং অন্যান্য পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।