জাকির হোসেন
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন করোনেশন ড্রামাটিক ক্লাব (সিডিসি) প্রতিষ্ঠার ১১৫ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ এই পথচলায় নাট্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাকে সমানভাবে ধরে রেখেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৫ই মার্চ ) ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় সংগঠনটির পবিত্র ইফতার মাহফিল। এতে ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। ইফতার আয়োজনকে ঘিরে সদস্যদের মধ্যে ছিল আন্তরিকতা ও মিলনমেলার আবহ।
টাঙ্গাইলের প্রাচীনতম সংগঠনগুলোর অন্যতম করোনেশন ড্রামাটিক ক্লাব ১১৫ বছর ধরে নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচি পালন করে আসছে। প্রতি বছর ক্লাবের উদ্যোগে নাটক মঞ্চায়ন, নাট্যোৎসব, বর্ষবরণ অনুষ্ঠান এবং বিভিন্ন জাতীয় দিবস পালন করা হয়। পাশাপাশি সার্বজনীন শারদীয় দুর্গা উৎসব এবং ঈদের পর ক্লাব সদস্যদের পরিবারসহ হিন্দু–মুসলিম সম্প্রীতির পরিবেশে আয়োজন করা হয় পূজা ও ঈদ পুনর্মিলনী উৎসব।

সংগঠনটির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো—এটি অসাম্প্রদায়িক চেতনায় পরিচালিত। ক্লাবের কোনো সদস্য মৃত্যুবরণ করলে ঐদিন বা পরদিন শোকসভা আয়োজন করা সংগঠনের নিয়ম। সদস্যপদ লাভের ক্ষেত্রেও রয়েছে বিশেষ বিধান; প্রয়াত সদস্যের মনোনীত ব্যক্তিই নিয়ম অনুযায়ী নতুন সদস্য হতে পারেন।
পহেলা বৈশাখ উপলক্ষে ক্লাবের বর্ষবরণ অনুষ্ঠানও বিশেষভাবে উল্লেখযোগ্য। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলা ঐতিহ্যকে তুলে ধরা হয়। শোভাযাত্রার পর ক্লাবে পরিবেশন করা হয় গ্রামীণ ঐতিহ্যের খাবার—ভিন্নী ধানের খই, পান্তা–ইলিশ, দই, চিড়া ও মুড়ি। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া প্রতিবছর একবার ক্লাবের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে আনন্দভ্রমণেরও আয়োজন করা হয়।
এক শতাব্দীরও বেশি সময় ধরে নাট্যচর্চা, সংস্কৃতি ও সামাজিক সম্প্রীতির ধারাকে ধরে রেখে করোনেশন ড্রামাটিক ক্লাব টাঙ্গাইলের সাংস্কৃতিক অঙ্গনে একটি অনন্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।