আদালতে আত্মসমর্পণের পর জামিন পেলেন মেয়র স্বপন

লালমনিরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (৫ই মার্চ) দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর উদ্ভূত পরিস্থিতিতে নাশকতার অভিযোগে লালমনিরহাট সদর থানায় দায়ের করা একাধিক মামলায় (জিআর ২৫৩/২০২৪ এবং বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা সংক্রান্ত মামলা নং- ০৫/২৪) তাকে আসামি করা হয়েছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আজ তিনি আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।

মেয়রের আইনজীবী জানান, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিবেচনায় আদালত তাকে জামিন দিয়েছেন। এদিকে মেয়রের জামিনের খবরে তার সমর্থক ও পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। জামিন লাভের পর তিনি দ্রুতই দাপ্তরিক ও জনসেবামূলক কাজে ফিরবেন বলে জানা গেছে।

 

শাহ আনিস আরাফাত রাজিন
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *