ঢাকার কুর্মিটোলায় অবস্থিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–সংলগ্ন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি অনিয়ম রোধে কঠোরভাবে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন।
বৃহস্পতিবার (৫ই মার্চ) অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। সভায় বিমানবন্দরের সেবা ব্যবস্থার উন্নয়ন, প্রবাসী যাত্রীদের প্রতি সম্মানজনক আচরণ এবং সার্বিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
মন্ত্রী আফরোজা খানম বলেন, বিদেশ থেকে দেশে ফেরা অনেক প্রবাসী যাত্রী বিমানবন্দরে এসে নানা জটিলতার মুখে পড়েন। অনেক সময় নিয়ম-কানুন বা প্রক্রিয়া বুঝতে না পেরে তারা ভোগান্তিতে পড়েন। তাই সেবার ধরণ ও কর্মীদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনার ওপর তিনি জোর দেন।
তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা কঠোর পরিশ্রম করে দেশে যে অর্থ পাঠান, তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। “তাদের কষ্টার্জিত অর্থ থেকেই দেশের উন্নয়ন হয়, এমনকি আমাদের বেতনও আসে। তাই তাদের সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতা দেখাতে হবে,” বলেন তিনি।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী কর্মীদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তাদের ‘স্যার’ সম্বোধন করার সংস্কৃতি গড়ে তোলা দরকার। একই সঙ্গে তিনি বিমানবন্দরের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মনিটরিং ব্যবস্থা জোরদার করা এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে অগ্নিকাণ্ড বা নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি যাতে না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যাত্রীসেবার প্রতিটি পর্যায়ে জবাবদিহিতা বাড়ানো এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
মতবিনিময় সভা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ঘুরে দেখেন এবং এর নির্মাণ অগ্রগতি পর্যালোচনা করেন। দ্রুত এই টার্মিনাল জনসাধারণের ব্যবহারের জন্য চালু করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তারা।
এ সময় তারা সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ইমপোর্ট কার্গো টার্মিনালও পরিদর্শন করেন এবং বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান এবং বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকীসহ মন্ত্রণালয় ও বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।