দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ বাড়ানো এবং জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের অপূর্ণ স্বপ্ন পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস একটি ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করেছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ ঘটানো এবং দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলাই এই কমিটি গঠনের প্রধান উদ্দেশ্য।
নবগঠিত এই কমিটির সদস্যরা সংগঠক হিসেবে কাজ করবেন। তাদের দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা। পাশাপাশি জুলাইয়ের আন্দোলনে শহীদ পরিবার, আহত আন্দোলনকারী এবং নীরবে কাজ করে যাওয়া কর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগ নেওয়া।
অলটারনেটিভস জানিয়েছে, কমিটির সদস্যরা ধাপে ধাপে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপ শুরু করবেন। এর মাধ্যমে ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ নাগরিকদের একত্র করে একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক কাঠামো গড়ে তোলার চেষ্টা করা হবে।
সংগঠনটির মতে, তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতান্ত্রিক ও দায়িত্বশীল রাজনীতি শক্তিশালী করা সম্ভব নয়। তাই নতুন প্রজন্মকে রাজনীতিতে যুক্ত করার লক্ষ্যেই এই ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে।
অলটারনেটিভসের ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সংগঠকরা হলেন : আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, ডা. তাজনুভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মাহফুজ আলম, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।
সংগঠনটি জানিয়েছে, এই কমিটিই আগামী দিনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং নতুন রাজনৈতিক উদ্যোগকে সামনে এগিয়ে নেবে।