লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস-এ সৌজন্য সাক্ষাৎ করেছেন লিবিয়ায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিম্মুরা ইজুরু।
বুধবার (৪ মার্চ) তিনি সেখানে গিয়ে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ হাবিব উল্লাহ-এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ ও জাপান-এর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। তারা বলেন, দুই দেশের কূটনৈতিক সম্পর্ক বহু বছর ধরে পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে এগিয়ে চলছে।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী করার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়। একই সঙ্গে ত্রিপোলিতে অবস্থিত দুই দেশের কূটনৈতিক মিশনের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও সহযোগিতা বজায় রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন দুই রাষ্ট্রদূত।
কূটনৈতিক সূত্র জানায়, এই সাক্ষাৎ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।