নোয়াখালীর কোম্পানীগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে বড় বোন ঐর্দিকা চন্দ্র নাথ (৮) মারা যায়। এর তিন দিন আগে, বৃহস্পতিবার (৯ অক্টোবর) মারা যায় ছোট ভাই তূর্য চন্দ্র নাথ (৪)।
১ অক্টোবর রাতে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ণ হাসপাতাল রোডের রাহাত মঞ্জিলের একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঐ পরিবারের চারজন দগ্ধ হন।
নিহতদের বাবা কুমোদ চন্দ্র নাথ জানান, দুর্গাপূজায় যাওয়ার প্রস্তুতির সময় হঠাৎ গ্যাস পাইপ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি, স্ত্রী সবিতা রানী নাথ ও দুই সন্তান দগ্ধ হন। পরে গুরুতর অবস্থায় সবাইকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর দুই শিশুকে ঢাকায় স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তারা দুজনই মারা যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়রা জানিয়েছেন, দুর্গাপূজার আনন্দের দিনগুলো শোকে পরিণত হয়েছে চন্দ্র নাথ পরিবারের জন্য।