লালমনিরহাটে আদালত থেকে জামিন পাওয়ার পরপরই আটক হওয়ার ঘটনায় নতুন মোড় নিয়েছে মেহেদী হাসানকে ঘিরে আলোচিত ঘটনাটি। পরবর্তীতে তাকে একটি মামলায় গ্রেফতার দেখানো হলেও সেই মামলাতেও আদালত থেকে জামিন পেয়েছেন তিনি।
মেহেদী হাসান বাংলাদেশ আওয়ামী লীগ-এর লালমনিরহাট জেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং জেলা ছাত্রলীগ-এর সাবেক সাধারণ সম্পাদক।
আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৮ মার্চ) দুপুরে একটি মামলায় আত্মসমর্পণ করে লালমনিরহাট জেলা আদালতে হাজির হন মেহেদী হাসান। শুনানি শেষে আদালত তাকে জামিন মঞ্জুর করেন।
জামিনের খবর ছড়িয়ে পড়ার পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা আদালত প্রাঙ্গণে অবস্থান নেন এবং তাকে ঘিরে রাখেন। আটকের আশঙ্কায় মেহেদী হাসান দীর্ঘ সময় আদালত প্রাঙ্গণেই অবস্থান করেন।
পরে সন্ধ্যার দিকে আদালত থেকে বের হলে ডিবি পুলিশের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। প্রথমদিকে তাকে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
তবে পরে জানা যায়, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চেয়ারম্যান মজিদ মন্ডলের বাড়িতে ভাঙচুরের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহম্মেদ গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মেহেদী হাসানকে আটক করা হয়েছিল।
এদিকে সোমবার (৯ মার্চ) দুপুরে ওই মামলায় তাকে আদালতে হাজির করা হলে আদালত আবারও তার জামিন মঞ্জুর করেন।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শাহ আনিস আরাফাত রাজিন
পাটগ্রাম (লালমনিরহাট ) প্রতিনিধি