দৌলতপুরে টেকসই কৃষি নিয়ে মূল্যায়ন ও পরিকল্পনা কর্মশালা

কুষ্টিয়ার দৌলতপুরে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উপজেলা পর্যায়ে একটি মূল্যায়ন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ই মার্চ) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই কর্মশালার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবিউল ইসলাম, চেয়ারম্যান, দৌলতপুর উপজেলা পরিষদ। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন। এছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিহা তানজুম স্বর্ণাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

কর্মশালায় উপজেলার কৃষি উন্নয়ন, টেকসই কৃষি প্রযুক্তির ব্যবহার, কৃষকদের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কৃষি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টরা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং কৃষি উন্নয়নে বিভিন্ন সুপারিশ দেন।

বক্তারা বলেন, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালার মাধ্যমে মাঠ পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা সহজ হয় এবং সেগুলো সমাধানে কার্যকর পরিকল্পনা নেওয়া সম্ভব হয়।

আয়োজকদের আশা, এই উদ্যোগের মাধ্যমে দৌলতপুরে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশসম্মত ও দীর্ঘমেয়াদি কৃষি ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে।

 

ফরিদ আহমেদ
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *