লালমনিরহাটে স্কুলছাত্রীকে প্রলোভনের অভিযোগে যুবক গ্রেফতার

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলায় এক স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে  নিয়ে যাওয়ার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মামুন (২২) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১৩ জানায়, সোমবার (৯ মার্চ) বিকেলে রংপুর জেলার লালবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাবের তথ্য অনুযায়ী, ভুক্তভোগী দশম শ্রেণির এক শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত মামুন দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিত এবং বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করত। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একটি আত্মীয়ের বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার গত ১লা মার্চ হাতিবান্ধা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলার পর থেকেই অভিযুক্ত যুবক আত্মগোপনে চলে যায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল রংপুরের লালবাগ এলাকার প্রিয়ন্তী সুপার শপের সামনে অভিযান চালায়। সেখান থেকে মামলার প্রধান আসামি মো. মামুনকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতার হওয়া আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শাহ আনিস আরাফাত রাজিন
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *