ভুটানের ‘মাউন্টেন স্প্রিং ওয়াটার’ এবার বাংলাদেশের বাজারে

ভুটানের পানীয় পানি উৎপাদনকারী প্রতিষ্ঠান ভুটান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে তাদের পণ্য বাজারজাত করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের বিপণন প্রতিষ্ঠান স্পিড মার্কেটিং কর্পোরেশন–এর সঙ্গে একটি মার্কেটিং ও ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষর করেছে।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশের বাজারে ভুটানের প্রাকৃতিক উৎসের বোতলজাত পানি মাউন্টেন স্প্রিং ওয়াটার বাজারজাত করা হবে। এ উদ্যোগ বাস্তবায়নে কাজ করবেন স্পিড মার্কেটিং করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান মুন্না।

ভুটান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইতোমধ্যে ভুটানের পানীয় বাজারে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বাজারেও ধীরে ধীরে তাদের উপস্থিতি বাড়াচ্ছে। বর্তমানে তাদের পণ্য অস্ট্রেলিয়া ও ভারত–এর বাজারেও পাওয়া যায়।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, প্রাকৃতিক পাহাড়ি উৎস থেকে সংগৃহীত এই পানির স্বাদ ও গুণমান আন্তর্জাতিক মান বজায় রেখে প্রস্তুত করা হয়। বাংলাদেশের ক্রমবর্ধমান বোতলজাত পানির বাজারকে সামনে রেখে তারা এই নতুন উদ্যোগ নিয়েছেন।

চুক্তির মাধ্যমে দুই দেশের ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। তাদের মতে, এ উদ্যোগের মাধ্যমে ভুটানের প্রাকৃতিক পানির স্বাদ এখন বাংলাদেশের ভোক্তাদের কাছেও পৌঁছে যাবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে নিজেদের উপস্থিতি বাড়ানোর কৌশলের অংশ হিসেবেই বাংলাদেশে প্রবেশ করছে তারা। ভবিষ্যতে আরও নতুন বাজারে সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *