ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে কুঞ্জেরহাট–বেদরপুরগামী মহাসড়কের পাশে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানায়, ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলার এসআই (নিঃ) বিপ্লব কান্তি দাস সঙ্গীয় ফোর্স নিয়ে বোরহানউদ্দিন থানাধীন কুঞ্জেরহাট–বেদরপুর সড়কের পূর্ব পাশে অভিযান চালান। এ সময় মফিজুল ইসলামের বাড়ির সামনে থেকে মো. লিটন (৩২) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।

আটক লিটনের বাড়ি দক্ষিণ বাটামারা (৮ নম্বর ওয়ার্ড), বোরহানউদ্দিন থানা, ভোলা। তিনি মৃত সেকেন্দার আলীর ছেলে এবং মনোয়ারা বেগমের সন্তান।

পুলিশ জানায়, তার কাছ থেকে এক কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় বোরহানউদ্দিন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

আব্দুর রাজ্জাক
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *