লালমনিরহাটে রাস্তার কাজের ছবি তুলতে গিয়ে ইউপি সদস্যের হামলায় সাংবাদিক আহত


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রাস্তার নির্মাণকাজের তথ্য সংগ্রহ ও ছবি তুলতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে আহত হয়েছেন সাংবাদিক আব্দুস সামাদ।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আহত আব্দুস সামাদ জাতীয় দৈনিক ঘোষণা পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি। তিনি প্রেস ফাইভের সদস্য এবং উপজেলা জিয়া পরিষদের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীরামপুর ইউনিয়নে রাস্তার ঢালাই ও সংস্কার কাজের তথ্য সংগ্রহ এবং ছবি তুলতে ঘটনাস্থলে যান আব্দুস সামাদ। এ সময় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন সেখানে এসে তার ওপর ক্ষিপ্ত হন।

একপর্যায়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ রয়েছে, এরপর ইউপি সদস্য লিটন ও তার ভাই সাংবাদিক সামাদের মোবাইলে ছবি ও ভিডিও ধারণে বাধা দেন এবং তাকে মারধর করেন। এতে সামাদ আহত হন।

পরে পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল সবুজ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাফি ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল সবুজ বলেন, “শ্রীরামপুর ইউনিয়নে কাবিটার কাজের অনিয়মের ছবি ও ভিডিও ধারণের সময় ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটন আমাদের ওপর চড়াও হন। তিনি অশালীন ভাষায় কথা বলেন এবং একপর্যায়ে সাংবাদিক আব্দুস সামাদকে মারধর করে আহত করেন।”

আহত সাংবাদিক আব্দুস সামাদ বলেন, “রাস্তার অনিয়মের ছবি তুলতে গেলে লিটন মেম্বার এসে আমাকে ধাক্কা দেন। পরে তার ছোট ভাইসহ আমাকে বুকে ও পিঠে কিল-ঘুষি মারেন। আমি এই হামলার বিচার চাই।”

এ বিষয়ে জানতে ইউপি সদস্য ফরহাদ হোসেন লিটনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

শাহ আনিস আরাফাত রাজিন
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *