অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ার হাসপাতালে প্রধানমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার (১৩ই মার্চ) জুম্মার নামাজের পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

হাসপাতালে কিছু সময় মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থান করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের কাছ থেকেও সর্বশেষ চিকিৎসা পরিস্থিতি সম্পর্কে জানেন।

প্রধানমন্ত্রী দ্রুত উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি সংশ্লিষ্টদের মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে পাঠানোর প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বলেন।

হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিনী এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। চিকিৎসকরাও সেখানে ছিলেন।

এর আগে শুক্রবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানায়, উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সন্ধ্যা ৬টায় মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হবে। এভারকেয়ার হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে তাকে বিমানবন্দরে নেওয়ার কথা রয়েছে।

সিঙ্গাপুরে তাকে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল সিঙ্গাপুর–এর নিউরোসায়েন্স বিভাগে ভর্তি করা হবে।

বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। একপর্যায়ে তিনি জ্ঞান হারান। পরে তাকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *