লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। সকালে পাটগ্রামের মির্জারকোট মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন— জয়পুরহাটের হিলি এলাকার বাসিন্দা এনজিও কর্মী শরিফুল ইসলাম, তার স্ত্রী সুমাইয়া আক্তার ও তাদের ছোট সন্তান সোহান। শরিফুল ইসলাম পাটগ্রামে ‘পদক্ষেপ’ এনজিও-তে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে পাটগ্রাম থেকে নিজ বাড়ি হিলিতে যাচ্ছিলেন শরিফুল। পথে মির্জারকোট মডেল মসজিদের সামনে পৌঁছালে একটি ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়। এ সময় তাদের সাথে থাকা বড় সন্তানটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
পাটগ্রাম থানার নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
শাহ আনিস আরাফাত রাজিন
পাটগ্রাম, (লালমনিরহাট )প্রতিনিধি